| |
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • জুলাই কনসার্টে থাকছেন আসিফ-সেজান
  • জুলাই কনসার্টে থাকছেন আসিফ-সেজান

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

    জুলাই-আগস্টের অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের এই বিশাল আয়োজনে একসঙ্গে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পী।

    কনসার্টে ব্যান্ড হিসেবে গাইবে ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কুঁড়েঘর’। আর একক শিল্পী হিসেবে গাইবেন আসিফ আকবর ও র‍্যাপার সেজান। এ ছাড়াও কনসার্টে থাকবে নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান ও কাজী আহনাফ তাহমীদসহ একাধিক শিল্পীর পরিবেশনা।

    আয়োজনটি করছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’, সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম। ২০২৪ সালের জুলাই-আগস্ট থেকেই এই দুই মাস পেয়েছে বিশেষ তাৎপর্য, আর সেই তাৎপর্যকে সামনে রেখেই সাজানো হচ্ছে এই ওপেন এয়ার কনসার্ট।

    কনসার্টের আমন্ত্রণ জানিয়ে এক ফেসবুক বার্তায় নিজের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে আসিফ আকবরের পেজ থেকে লেখা হয়েছে, ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।

    সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, ৫ আগস্টে আসিফ আকবরের গানে মেতে উঠতে। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এই ওপেন এয়ার কনসার্টে আসিফ আকবর আসছে তার জনপ্রিয় গান নিয়ে। এবারের ৩৬ জুলাইয়ে একসাথে মেতে উঠবো বর্ষা বিপ্লবের গানে!’

    আয়োজনটি নিয়ে এক ভিডিও বার্তায় ‘কুঁড়েঘর’ ব্যান্ডের শিল্পী তাশরিফ খান বলেন, ‘এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে, ‘বর্ষা বিপ্লবের গান’-এ। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসাথে গাইবো।’

    আরও পড়ুন