সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক সৌদি আরবে এক সপ্তাহের যৌথ অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ১৫৪ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের, ৪৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা গোপনে সহায়তা দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৮ হাজার ১৮৭ জন পুরুষ এবং ২ হাজার ৪৯২ জন নারী।
তথ্যসূত্র: সৌদি গেজেট

























