৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাকাতে আরও ৪ থানার পরিকল্পনা করছে ডিএমপি
  • ঢাকাতে আরও ৪ থানার পরিকল্পনা করছে ডিএমপি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ

    আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে রাজধানীতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

    শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, নতুন চার থানার মধ্যে রায়েরবাজারে একটি থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে।

    এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে আরও একটি নতুন থানা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের অংশ নিয়ে ‘বসুন্ধরা থানা’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। খিলগাঁও এলাকাতেও নতুন একটি থানার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় বিদ্যমান রায়েরবাজার পুলিশ ফাঁড়িকে আরও শক্তিশালী করা হবে।

    রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংখ্যা ও নগরায়ণ বাড়ায় পুলিশিং সেবা সম্প্রসারণের প্রয়োজন হয়েছে।

    পুলিশ সদস্যদের আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মো. সরওয়ার জানান, গত কয়েক মাসে ডিএমপির প্রায় আট হাজার সদস্যের জন্য নতুন আবাসন ব্যবস্থা করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও ডেমরা পুলিশ লাইনে এক হাজার ৬০০ করে সদস্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মিরপুর পুলিশ লাইন্সে ২০ তলা ব্যারাক উদ্বোধন করা হয়েছে, যেখানে দুই হাজার ২০০ সদস্য থাকতে পারবেন।

    তিনি আরও বলেন, পূর্বাচলে পুলিশ সদর দপ্তরের ২০ তলা ভবনে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক উত্তর বিভাগের ৮০০ থেকে ৯০০ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। দিয়াবাড়ির ১০ একর জায়গাজুড়ে নতুন পুলিশ লাইনস সম্প্রসারণের কাজও চলছে।

    বসিলা পুলিশ লাইন্স নিয়েও নানা পরিকল্পনার কথা তুলে ধরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, সেখানে ট্রাফিক তেজগাঁও বিভাগের কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি রাজাবাগ থেকে এমটিও ওয়ার্কশপ স্থানান্তরের কাজ চলছে। সেখানে ১৫০ থেকে ২০০ পুলিশ মেকানিকসহ নতুন ওয়ার্কশপ স্থাপন করা হবে। বসিলায় ডিএমপির মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে।

    পূর্বাচল এলাকায় পুলিশিং কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ট্রাফিক বিভাগ, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইনস স্থাপনের জন্য প্রায় ছয় হাজার পুলিশ সদস্যের চাহিদা নির্ধারণ করা হয়েছে।

    আরও পড়ুন