পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার (৫ জুন) সকালে বৈঠকে বসছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ কোরিয়া সফর শেষে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের শেষ দিন শনিবার (৬ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন। সূত্র জানায়, বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী তুরস্ক।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে বাণিজ্য, সংস্কৃতি ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


























