| |
  • প্রচ্ছদ
  • সাহিত্য
  • দেওয়ান মাসুদের সন্ধ্যা মাগরিব
  • দেওয়ান মাসুদের সন্ধ্যা মাগরিব

    Icon
    সাহিত্য ডেস্ক
    প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

    সন্ধ্যা মাগরিব
    দেওয়ান মাসুদ রহমান

     

    কতদূর উড়ে যেতে পেরেছি
    তোমার খোলা চুলের ডানায়
    শুধু জানে পথের চিহ্ন।

    আমি দুপায়ে হেঁটে হেঁটে
    পাখির চোখের ডানায়
    তোমার অবয়ব ভাস্কর গড়েছি।

    শালিখ গ্রামে পৌঁছে
    জারুল বৃক্ষতলে কিনেছি সীমানা—
    আমার ঠিকানা ফিরে আসে
    পাখির অবয়বে,
    তোমার খোলা চুলে।

    আমার চৌহদ্দি তাই
    হয়ে যাচ্ছে কেবল গ্রামখামার—
    গন্ধরাজ ফুলের মায়াজাল,
    প্রিয়তম মূর্ছনার সুর,
    পরিযায়ী চিরন্তন আমোদঘর।

    আমি অবশ্য একটি গ্রাম কিনেছি
    পাখির পালকে,
    আকাশের বিস্তৃত নীলে
    অবাধ্য রোদের আলো দিয়ে।

    সাদা বকের ফিরে আসা
    ক্লান্ত ডানায়
    আমার বাড়ি হবে।

    বৃষ্টিতে অবিশ্রান্ত ভিজতে থাকা কাক—
    তার গম্ভীর ঠোঁটে
    বৃষ্টিজলে আচ্ছন্ন পৃথিবী।
    বৃক্ষের আদর,
    জলশব্দ ডেকে যায় আমাকে।

    আমি এমন বিরহী দোলাচল প্রহরে
    পড়বো কবিতা
    অখণ্ড অবসরে।

    তুমি না হয়
    সন্ধ্যা মাগরিবের আলো
    জ্বেলো হারিকেনে।

    আরও পড়ুন