বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার বিষয়ে রাজ্যটির বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্যের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৯ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক মন্তব্য করেছেন।
আমরা তার বাংলাদেশের অখণ্ডতা বিরোধী এবং উগ্র ও অগ্রহণযোগ্য মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি এ ধরনের বক্তব্য দিয়ে আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের মূলে কুঠারাঘাত করেছেন। এতে তার উগ্র মানসিকতার নির্লজ্জ প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি।
তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার প্রচেষ্টা একটি মারাত্মক হুমকি। বাংলাদেশ সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, ভারতীয় স্যাটেলাইটের পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানি ছড়ানোর কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ। এসব প্রক্রিয়া বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে বলে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ভারতীয় নেতৃবৃন্দকে সতর্ক করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনোরকম হস্তক্ষেপ এ দেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। আমরা আশা করছি, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে কোনো দ্বিধা করবে না।
ভারতের রাজনৈতিক নেতৃত্বকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। পাশাপাশি এ উগ্র মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে ওই বিজেপি নেতার (মূল বিজ্ঞপ্তিতে ভুলবশত বিজিবি নেতা লেখা হয়েছে) উসকানিমূলক বক্তব্যের কড়া ভাষায় জবাব দিতে বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারের প্রতি দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।































