জনগণের অর্থের অপচয় রোধ ও বিলাসিতা পরিহারের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের কেউ শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ির সুবিধা নেবেন না।
একই সঙ্গে সরকারিভাবে বরাদ্দ করা কোনো প্লটও গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় দলের নীতিনির্ধারকরা জানান, রাজনীতিকে জনকল্যাণমুখী করা এবং অতীতে সংসদ সদস্যদের বিশেষ সুবিধা গ্রহণ নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা ছিল, তা দূর করতেই এ কঠোর অবস্থান নিয়েছে বিএনপি।
সভা সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ড থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে। তাই সংসদ সদস্য (এমপি) হিসেবে প্রাপ্য প্রথাগত বিশেষ সুবিধাগুলো বর্জন করার মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চায়।
সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ নেতা জানান, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য, নিজেদের ভাগ্য গড়ার জন্য নয়।
তাই ডিউটি ফ্রি গাড়ি এবং রাজউকের প্লট বা ফ্ল্যাট-কোনোটিই আমাদের এমপিরা নেবেন না বলে সভায় শপথ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংসদীয় রাজনীতির শুরুতেই বিএনপির এমন ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ওপরও এক ধরনের নৈতিক চাপ সৃষ্টি করবে।

































