জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নরসিংদীগামী ‘নোঙ্গর’ বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নোঙ্গর পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নোঙ্গর প্রিমিয়ার লিগ’ ফুটবল টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচ এবং রানার-আপ হয়েছে ২০তম ব্যাচ।
গত শনিবার (২৪ অক্টোবর) নরসিংদী উপজেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম ও ২১তম ব্যাচের অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নরসিংদী জেলার সাবেক শিক্ষার্থীরা। টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিল নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও জেলার অ্যালামনাইবৃন্দ।
টুর্নামেন্টে নোঙ্গর পরিবারের সভাপতি মাজহারুল ইসলাম টুটুল বলেন, “বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের জেলার সিনিয়র-জুনিয়র সবাই একসঙ্গে সময় কাটানোর এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান। পড়াশোনার ব্যস্ততার বাইরে খেলাধুলা ও আনন্দঘন মুহূর্তগুলো আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও সুন্দর ও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
নোঙ্গর পরিবারের সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাঁদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই আমাদের এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নোঙ্গর পরিবারের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের আয়োজন করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও আমরা টুর্নামেন্টটি আয়োজন করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও সুন্দর ও বড় পরিসরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”
উল্লেখ্য, ‘নোঙ্গর’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নরসিংদী যাতায়াতকারী শিক্ষার্থীদের ব্যবহৃত একটি বাস। আর নোঙ্গর পরিবার হলো বাসটিতে যাতায়াতকারী শিক্ষার্থীদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করে আসছে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখছে।

























