| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমানঃ সোচ্চারের জরিপ
  • ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমানঃ সোচ্চারের জরিপ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। তিনি ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান পাবেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট।

    বেসরকারি জরিপকারী সংস্থা সোচ্চারের জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফল প্রকাশ করা হয়।

    রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

    জরিপের প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, আসনটির ৫১৫ জন ভোটারের মতামত নিয়েছে সোচ্চার। তাদের মধ্যে পুরুষ ২৬৯ এবং নারী ২৪৬ জন। ভোটারদের ২৩৯ জন, অর্থাৎ ৪৬ দশমিক ৪ শতাংশ ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ২৭ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ২১ দশমিক ৬ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন।

    জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটাররা তারেক রহমানকে বেশি পছন্দ করেছেন। ৫১ দশমিক ৩ শতাংশ পুরুষ ভোটার এ আসনে বিএনপি চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জরিপে তিনি নারীদের ভোট পেয়েছেন ৪১ দশমিক ১ শতাংশ।

    অন্যদিকে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পুরুষদের ২৮ দশমিক ৩ শতাংশ ভোট পাবেন। তিনি নারী ভোটারদের ভোট পেতে পারেন ২৭ দশমিক ৬ শতাংশ। জরিপে নারীদের ১৬ শতাংশ এবং পুরুষদের ২৬ দশমিক ৪ শতাংশ কাকে ভোট দেবেন, তার সিদ্ধান্ত নেননি।

    ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিলেও প্রকাশ করতে চাননি ৩ দশমিক ৩ শতাংশ ভোটার। দুই প্রার্থীর বাইরে অন্যদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১ দশমিক ৪ শতাংশ ভোটার।

    আরও পড়ুন