যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে গত কয়েক বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হচ্ছে চার দিনব্যাপী (২২-২৫ মে) নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর।
বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন।
ডা: ফারুক আজমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসেন, মনিরুল হক, ফাউন্ডেশনের সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা. ফাতেমা আহমেদ, কবি ইউসুফ রেজা, অধ্যাপক শামীম রেজা, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি মৈনুদ্দিন মুন্সী, কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক প্রমুখ।
সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক, অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, ১৯৯২ সালে দেশের বাইরে শুরু হওয়া বাংলা ভাষার বই ঘিরে এই মেলা এ বছর ৩৫ বছরের মাইলফলক স্পর্শ করছে।
এই মাইলফলকে এসে আমরা চাইব, বাংলা ভাষার এই মেকারের আমেরিকার মূলধারার সঙ্গে আরও বেশি সংযোগ ঘটাতে। বাংলা ভাষা ও বাংলা ভাষার বইকে আন্তর্জাতিক পরিসরে আরও বেশি যুক্ত করার জন্য আমরা নানা চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি সবার সহযোগিতায় এবারও আমরা একটি সাফল্যমণ্ডিত আয়োজন করতে পারব।
মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউ ইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের বিষয় হলো, বাংলা বই ঘিরে পুরো আমেরিকার বাংলা ভাষাভাষী বইপ্রেমিদের মধ্যে মেলবন্ধন ঘটে।
এর সঙ্গে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের লেখক নন, ইউরোপ ও অন্যান্য দেশে ছড়িয়ে থাকা লেখক-পাঠকেরাও যুক্ত হয়ে মূল ভূখণ্ড থেকে দূরে থাকা দেশে বাংলা ভাষাকে ভালোবেসে মিলিত হয়। প্রতি বছর মেলার কলেবর বৃদ্ধি পাচ্ছে এবং আরও বেশি বাংলা ভাষাভাষী মানুষ এতে যুক্ত হচ্ছে। এটা সত্যিই আনন্দের।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনেক মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকলেও গত ৩৪ বছর ধরে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন বাংলা ভাষার এক বা একাধিক লেখক।
তাদের মধ্যে আছেন সাদাত হোসেন, মুহম্মদ নূরুল হুদা, শাহাদুজ্জামান, অমর মিত্র, আসাদ চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, রামেন্দু মজুমদার, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তপন রায়চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, রফিক আজাদ, গোলাম মুরশিদ, সমরেশ মজুমদার, আনিসুজ্জামান, সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুল হক, আবদুন নূর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাবেয়া খাতুন, সমরেন্দ্র সেনগুপ্ত, জয় গোস্বামী, হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলন, আবদুল মতিন, দিলারা হাশেম, হুমায়ুন আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, পূরবী বসু, আবদুল গাফফার চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, শহীদ কাদরী, জ্যোতিপ্রকাশ দত্ত।

































