| |
  • প্রচ্ছদ
  • ফিচার
  • কীটনাশক ছাড়াই সফল সবজি চাষ
  • কীটনাশক ছাড়াই সফল সবজি চাষ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

    সার ও কীটনাশক ছাড়াই বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজেদের ভাগ্য বদলে ফেলছেন রূপগঞ্জের অনেক মানুষ। শীতকালীন এসব সবজি একদিকে যেমন পরিবারের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে বাজারে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টির ঘাটতি পূরণে শাকসবজি অপরিহার্য। তবে তা হতে হবে বিষমুক্ত ও নিরাপদ।

    তাই বসতবাড়ির আঙিনার খোলা জায়গা কাজে লাগিয়ে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আর্থিক সচ্ছলতাও অর্জন করছেন অনেকে।

    শনিবার (১১ জানুয়ারি) রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগে যেসব জায়গা ফেলে রাখা ছিল বা জঙ্গলে ভরা ছিল, সেসব জমি পরিষ্কার করে এখন করা হয়েছে সবজি চাষ। এতে পরিবারে প্রয়োজন মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে আয় করছে অনেক পরিবার। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও গড়ে উঠেছে বিষমুক্ত সবজির বাগান।

    সরেজমিনে দেখা যায়, গ্রামের আঙিনাজুড়ে লাউ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পেঁপে, লালশাক, পুঁইশাক, বেগুন, পালংশাক, বরবটি, ঢেঁড়শসহ নানা ধরনের শাকসবজির চাষ হচ্ছে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সরবরাহ করার পর বাকি সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন সবাই।

    বর্তমানে শীতকাল হওয়ায় শীতের সবজি চাষ করছেন। আগের বছরের তুলনায় এবার জমিতে আরও বেশি ও বৈচিত্র্যময় সবজি উৎপাদন হচ্ছে রুপগঞ্জে।

    রূপগঞ্জের আরও কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া চাষাবাদ করে পরিবারকে নিরাপদ সবজি সরবরাহ করছেন স্থানীয় মানুষজন। প্রয়োজনে বিক্রিও করছেন এসব মানুষজন। পশ্চিমগাঁও গ্রামের অনেক নারীও আগ্রহী হয়ে উঠেছেন।

    বিষমুক্ত, টাটকা সবজি কিনতে দূর-দূরান্ত থেকেও আসছেন অনেকে।
    এই উদ্যোগ শুধু পুষ্টির ঘাটতি পূরণই করছে না, বদলে দিচ্ছে গ্রামীণ মানুষের জীবন ও আর্থসামাজিক অবস্থাও।

    আরও পড়ুন