| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়নপত্র বাতিল
  • জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়নপত্র বাতিল

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা সাত প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদও রয়েছেন।

    শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বনির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সিদ্ধান্ত জানান। তিনি পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

    আর জামায়াতের আযাদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়নপত্রও বাতিল করেন। হামিদুর রহমান আযাদ তার ৭০টি মামলার বিপরীতে কাগজপত্র জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

    নির্বাচনী আইন অনুযায়ী মামলার তথ্য যথাযথভাবে উপস্থাপন না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে।

    আসনটিতে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিসের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিমকে।

    সালাউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ
    এদিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেসহ তিনজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তবে অবৈধ ঘোষণা করা হয়েছে দুইজনের মনোনয়ন।

    যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ ছাড়াও আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের।

    আর অবৈধ ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের মনোনয়নপত্র।

    নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

    আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

    প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

    আরও পড়ুন