১৬ ডিসেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফেডারেশন কাপের বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচ। ওই দিন কুমিল্লা স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে সরিয়ে আনা হয়েছে।
আজ (বুধবার) বিকেলে লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ দর্শকশূন্য করার পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত সস্থার যুক্তি, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পুলিশ বা নিরাপত্তা কর্মী পাওয়া কঠিন। বেশি দর্শক সমাগম হলে সেটার ব্যবস্থাপনা ঝুঁকিপূর্ণ হতে পারে।
২০২১ সালের আগস্ট থেকে জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়। ২০২৫ সালে ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে সংস্কারের পর খেলা শুরু হয়। আন্তর্জাতিক ম্যাচ হলেও ঘরোয়া ফুটবলের খেলা এখনো সেখানে হয়নি। বিশেষ পরিস্থিতিতে বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়াম আনতে বাধ্য হচ্ছে লিগ কমিটি।
আজকের মিটিংয়ে আরেকটি আলোচ্যসূচি ছিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। গত আসরের সাত দলের সঙ্গে নতুন তিন দল খেলাঘর, চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব, শুকতারা নারায়ণগঞ্জ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি পেয়েছে। নারায়ণগঞ্জের ক্লাব শুকতারা প্রিমিয়ার লিগ খেলেছে। অবনমন হওয়ার পর ফুটবল থেকে হারিয়ে যায়, আবার ফিরে আসছে দীর্ঘদিন পর।
এক সময় বাফুফে নিয়ম করেছিল নতুন ক্লাব চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে। সেখান থেকে সরে এখন ১৫ লাখ টাকা হয়েছে। ২২ ডিসেম্বর থেকে চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল শুরু হওয়ার কথা। কমলাপুর, গাজীপুর, ফর্টিজ, বসুন্ধরার মাঠকে সম্ভাব্য অনুশীলন ভেন্যু হিসেবে রাখা হয়েছে।

