রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ এবং পানিপ্রবাহহীনতা দূর করতে নেওয়া দুটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রকল্প দুটিতে বরাদ্দ করা মোট ৪৪ কোটি টাকার খাতভিত্তিক ব্যয়, দরপত্র প্রক্রিয়া ও কাজের অগ্রগতির তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে কাজের মান নিশ্চিত করতে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, শুধু প্রকল্প গ্রহণ বা খাল-নদী খননের মধ্যে পুনরুদ্ধার কার্যক্রম সীমাবদ্ধ রাখলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। দখল ও দূষণ বন্ধের পাশাপাশি স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
নাগরিক প্রতিনিধিরা শ্যামাসুন্দরী খালে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য এবং নর্দমার পানি প্রবেশ বন্ধে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন পরিকল্পনা সম্পর্কে জানতে চান। অন্যদিকে আলাইকুড়ি নদীর অবৈধ দখল ও ভরাট চিহ্নিত করতে জরিপ, দখলমুক্তকরণ এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
প্রকল্পের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কাজের অগ্রগতি ও মান যাচাইয়ে নাগরিকদের অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন বক্তারা। প্রকল্প শেষ হওয়ার পর নদী ও খালের রক্ষণাবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং পুনরায় দখল ঠেকানোর দায়িত্ব কোন প্রতিষ্ঠান পালন করবে, তা স্পষ্ট করার দাবি জানান তাঁরা।
সভায় আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণে একটি নাগরিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন।
আলোচনায় ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী, গণমাধ্যমকর্মী ও সংগঠক মেরিনা লাভলী, পরিবেশ সুরক্ষা ফোরামের সদস্যসচিব ফরহাদুজ্জামান ফারুক, নারী অধিকারকর্মী সমসে আরা বিলকিস এবং মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আফরোজা শারমিন কনাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
























