বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি হলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ সংযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কাজ করছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা : বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও কর্মক্ষেত্রের বাস্তবতার সংযোগ তৈরি করা জরুরি। এ সংযোগ কার্যকর হলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে ইউজিসি কাজ করছে।
তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে হলে উদ্ভাবনী মেধার পাশাপাশি বাজারের চাহিদা বোঝার সক্ষমতা থাকতে হবে। বাজারের প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন ধারণা ও উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা খাতায় যা লিখেছেন, তার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারের উদ্যোগ তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিচ্ছেন। উদ্যোক্তাদের বিকাশে ঋণ দেওয়ার কর্মসূচিও গ্রহণ করেছেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। এতে প্রায় ১০০ জন উদ্যোক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।























