সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় কর্মকারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ভার্চুয়াল সভা-সেমিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান ও মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ক্ষমতায় আসার প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বাড়ানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।
সংগঠনটির মতে, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক, জুতা ও ব্যাগ দেওয়া, বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ট্যাব দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রম চলমান থাকলেও সহকারী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়াতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনার পর তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দাবিগুলো হলো—সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা।
সংগঠনটির অভিযোগ, ওই প্রতিশ্রুতির পর এক বছর পার হলেও তিন দফা দাবির কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়নেও দৃশ্যমান অগ্রগতি নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছরের ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের ১০ম গ্রেডের দাবিসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।























