দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতটি জেলায় ৪৯ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করতে এই সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা মাঠে নিয়োজিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সাত জেলায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন ও শরীয়তপুরে চার প্লাটুন সদস্য রয়েছেন।
নাজমুস সাকিব আরও জানান, মোতায়েন করা সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করছেন। নিয়মিত টহল, নজরদারি ও মোবাইল মুভমেন্টের মাধ্যমে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সম্পদ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এ তৎপরতা দিন-রাত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
























