| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার
  • রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

    রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়ন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। একই সঙ্গে রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মিয়ানমারে সামরিক জান্তার সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে এনইউজি জানায়, দিনটি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

    বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ বিশ্বের সর্বোচ্চ আদালতের সামনে উঠে এসেছে। এ রায় গণহত্যা প্রতিরোধ, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বকে পুনর্ব্যক্ত করেছে। এনইউজি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানায়।

    এনইউজি আরও জানায়, ২০২১ সালে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকেই আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে তারা। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। পাশাপাশি অর্থবহ জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকারটি।

    বিবৃতিতে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, রাখাইন, চিন, কাচিন, কারেনি, কারিন, শান, সাগাইং ও মাগওয়েসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখনো বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচারে আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। হাসপাতাল, স্কুল, মঠ ও গির্জাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

    এ পরিস্থিতিতে সহিংসতা ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে নৃশংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এনইউজি।

    বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জবাবদিহি জোরদার, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামরিক জান্তার যুদ্ধ পরিচালনার সক্ষমতা বজায় রাখতে সহায়তা করা অস্ত্র, জ্বালানি তেল ও আর্থিক সম্পদের প্রবাহ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

    রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছে এনইউজি। এ জন্য শান্তি, নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    এনইউজি জানায়, সামরিক শাসনের অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারবদ্ধ। এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে রোহিঙ্গারা ন্যায়বিচার, নাগরিকত্ব, সমতা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।

    বিবৃতিতে ২০২১ সালের ৩ জুন প্রকাশিত এনইউজির নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে বলা হয়, রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। মৌলিক মানবাধিকারের মানদণ্ড ও গণতান্ত্রিক ফেডারেল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনের মাধ্যমে এ অধিকার নিশ্চিত করতে হবে।

    এ লক্ষ্যে রোহিঙ্গা ও রাখাইন নেতৃবৃন্দ, গণতান্ত্রিক শক্তি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সরকারটি।

    বিবৃতির শেষাংশে বলা হয়, আইসিজের রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটিই শেষ নয়। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জবাবদিহি নিশ্চিত করা, সব সম্প্রদায়ের সুরক্ষা এবং নিপীড়ন ও দায়মুক্তির সুযোগ তৈরি করে এমন কাঠামোর অবসান ঘটানো জরুরি।

    রোহিঙ্গাদের ন্যায়বিচার, মিয়ানমারের জনগণের স্বাধীনতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনইউজি বলেছে, আদালত তার রায় দিয়েছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সব পক্ষের।

    আরও পড়ুন