দীর্ঘ রাজনৈতিক পথচলা, নানা উত্থান-পতন, কারাবাস ও দীর্ঘ প্রবাসজীবন পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২০ নভেম্বর তাঁর জন্মদিন। এবারের জন্মদিনটি তাঁর জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন।
রাজনীতির সঙ্গে পারিবারিকভাবে পরিচিত পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমানের জীবনের গল্প কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নয়; বরং কয়েক দশকের রাজনৈতিক পরিবর্তন, দলীয় নেতৃত্বের বিকাশ এবং ক্ষমতার পালাবদলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। শৈশব থেকেই দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। তাঁর বাবা ছিলেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আর মা খালেদা জিয়া দীর্ঘ সময় দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন।
রাজনীতিতে অভিষেক ও নেতৃত্বের বিকাশ
তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। ওই বছর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। পরে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হন।
২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতিতে তাঁর ভূমিকা বাড়ে। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০০৯ সালে হন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান।
তবে তাঁর রাজনৈতিক উত্থান নিয়ে যেমন আলোচনা রয়েছে, তেমনি রয়েছে বিতর্কও। বিশেষ করে বিএনপির ২০০১-২০০৬ মেয়াদের সময় তাঁর রাজনৈতিক প্রভাব, হাওয়া ভবনকেন্দ্রিক কর্মকাণ্ড এবং বিভিন্ন অভিযোগ নিয়ে দেশের রাজনীতিতে দীর্ঘদিন আলোচনা-সমালোচনা হয়েছে। এসব বিতর্ক তাঁর রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
কারাবাস, প্রবাস ও প্রত্যাবর্তন
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবাসের সময় নির্যাতনের অভিযোগও করেন তিনি। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন এবং সেখান থেকেই দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। তাঁর প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে।
২০২৬ সালের জানুয়ারিতে মায়ের মৃত্যুর পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। এরপর ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
ব্যক্তিজীবন ও পারিবারিক পরিচয়
১৯৯৪ সালে চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক রহমান। তাঁদের একমাত্র মেয়ে জাইমা রহমান। দীর্ঘ প্রবাসজীবনে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করেছেন তিনি। দেশে ফেরার পর তাঁর পারিবারিক জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড আবারও জনপরিসরে আলোচনায় আসে।
নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্র পরিচালনা। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতিতে গতি ফেরানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাঁর সরকারের সামনে রয়েছে।
দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে থাকা একজন নেতার জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিঃসন্দেহে ভিন্ন অভিজ্ঞতা। রাজনৈতিক প্রতিশ্রুতিকে বাস্তবায়নে রূপ দেওয়া এবং দলীয় প্রত্যাশার বাইরে দেশের সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করাই হবে তাঁর নেতৃত্বের অন্যতম পরীক্ষা।
জন্মদিনের এই বিশেষ দিনে তাঁকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও জাতীয় রাজনীতিতে তাঁর কাছে প্রত্যাশা আরও বিস্তৃত। কারণ, একজন দলীয় নেতা হিসেবে তাঁর সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন হয় রাজনৈতিক পরিসরে; কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে পুরো দেশের মানুষের জীবনে।
৬১ বছরের জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘ সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। ফলে এবারের জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের উপলক্ষ নয়, বরং তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় এবং রাষ্ট্র পরিচালনায় অর্জন-প্রত্যাশা মূল্যায়নেরও একটি উপলক্ষ।




























