সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুটি মামলায় প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক তিনটি মামলা দায়ের করেছিল পুলিশ। মামলাগুলোর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার নওদাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মাজুম রাসেল (২৬), দেবখন্ডা গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৬), পুরান শৈলাবাড়ি গ্রামের হাছের আলীর ছেলে নুর হোসেন (৩৮) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত রফিকের ছেলে আব্দুল মালেক (৩০)।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৩ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। ওই রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৯৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন এম্পল জব্দ করা হয়। এ সময় গোলাম মাজুম রাসেল ও মনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।
এ ছাড়া ২০২০ সালের ২৮ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া ওয়াপদা বাঁধ এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। সেখানে মাদক কেনাবেচার সময় মাসুদ ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে, ২০১৯ সালের ১৩ জুন বিকেলে উল্লাপাড়া পশ্চিম কবরস্থান এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় উল্লাপাড়া থানা পুলিশ। এ সময় আব্দুল মালেক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি পোটলায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
























