সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় সম্পৃক্ততা ও কর্মকাণ্ডের ওপর সরকারের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক বা আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হলে তথ্য উপদেষ্টা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করলেও যাদের দলীয় সম্পৃক্ততা রয়েছে, তাদের ওপর নজর রাখা হচ্ছে।
কোনো কর্মকর্তা-কর্মচারী বেআইনি বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ালে কিংবা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাম্প্রতিক গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা বরদাশত করবে না। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডের নামে মিছিল, সমাবেশ বা ভাঙচুরের মতো ফৌজদারি অপরাধে যারা জড়াচ্ছেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
এ ছাড়া প্রশাসনের কোথাও দায়িত্ব পালনে ব্যর্থতা বা অবহেলা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের পদায়ন করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
























