তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে (শ্রম ভবন) এই সভা বসবে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাপতিত্ব করবেন।
এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় এবং অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সভাটি স্থগিত করা হয়।
আগামী ২৩ নভেম্বরের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিদের নিম্নতম মজুরির লিখিত প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। সেদিন মালিকপক্ষ প্রস্তুতির জন্য সময় চাইলে তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।
























