রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন।
এছাড়া লালবাগ ও তেজগাঁও বিভাগে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























