| |
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
  • তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

    Icon
    নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ, রংপুর 
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
    Converted with https://ezgif.com/webp-to-jpg

    রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে।

    রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

    নিহতরা হলেন— নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল ও শাকিবসহ একই এলাকার ছয়জন নির্মাণ শ্রমিক কুমিল্লা সেনানিবাস এলাকায় কাজ শেষে ‘সায়মন এক্সক্লুসিভ পরিবহনের’ একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে বাসের স্টাফদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। বাসটি তারাগঞ্জে পৌঁছালে আতিক নামে তাঁদের এক সঙ্গীকে বাসের ভেতর আটকে রেখে বাকিদের নামিয়ে দেওয়া হয়।

    পরবর্তীতে আতিককে উদ্ধার করতে মুকুল ও শাকিব পুনরায় বাসে উঠলে স্টাফদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বাসের স্টাফরা লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাকিবকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    এদিকে, বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের যাত্রীরা ধাওয়া করে চিকলী এলাকায় বাসটি আটকান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।

    উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি; বরং স্থানীয়রা জানিয়েছেন যে ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা ইউএনও মোনাববর হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।”

    আরও পড়ুন