রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ঢুকে হত্যার দায়ে বরখাস্ত সেনাসদস্য লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিভিন্ন ধারায় তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় তৎকালীন মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় আত্মীয় পরিচয়ে প্রবেশ করেন লিমন মিয়া। ওই পরিবারের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল। একপর্যায়ে অতর্কিতে ছুরিকাঘাত করে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করেন তিনি। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও।
হত্যাকাণ্ডের পরদিন লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার ঠিক এক বছর পর আদালত এ রায় দেন।
তদন্ত ও বিচারিক কার্যক্রমে জানা যায়, লিমন মিয়া একসময় সেনাবাহিনীর সিপাহি পদে কর্মরত ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৮ সালে তাঁর চাকরি চলে যায়। পরে তিনি স্থানীয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
রায়ের পর্যবেক্ষণে আদালত হত্যাকাণ্ডটিকে ‘পরিকল্পিত অপরাধ এবং বিচার বিভাগের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেন।
লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোহাম্মদ সোলাইমান শহিদের ছেলে। তাঁর বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
























