পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে চলমান আলোচনাকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেছেন, অসংখ্য হত্যা ও ফৌজদারি মামলায় অভিযুক্ত ও দণ্ডিত একজন ব্যক্তিকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট দিয়ে ফিরিয়ে আনার সুযোগ নেই; বরং ভারতের সঙ্গে বিদ্যমান ‘প্রত্যর্পণ চুক্তি’ অনুযায়ী আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনা উচিত।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ প্রসঙ্গে রিজভী বলেন, “শোনা যাচ্ছে শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন। তাঁর আইনজীবীরা পাসপোর্ট চাইছেন, ভিসা চাইছেন, জাতীয় পরিচয়পত্র চাইছেন। কেন? এখানে দুটি বিষয় রয়েছে—একটি প্রত্যাবর্তন, অন্যটি প্রত্যর্পণ।”
‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণের’ আইনি পার্থক্য ব্যাখ্যা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “কোনো সাধারণ নাগরিক দেশ ছেড়ে যাওয়ার পর নিজের দেশে ফিরে আসতে চাইলে সেটি প্রত্যাবর্তন। কিন্তু যার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ,
ফৌজদারি মামলা কিংবা আদালতের দণ্ড রয়েছে, তাঁকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের ব্যবস্থা রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে, এটি একটি স্বীকৃত আইনি প্রক্রিয়া। সুতরাং শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।”
এ প্রসঙ্গে কিছুটা ক্ষোভ ও ব্যঙ্গাত্মক সুরে রুহুল কবীর রিজভী বলেন, “তাঁর ভিসা, পাসপোর্ট কিংবা এনআইডি নিয়ে এত আলোচনা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। তাঁকে নিয়ে এত ঢাকঢোল পেটানোর কী আছে?
এখন এমনভাবে বিষয়টি আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে বেড়াতে গেছেন—আর তাঁকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে!”
আলোচনা সভায় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনের কারণে তাঁর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছিল এবং কারাগারে থাকাকালীন তাঁর খাবারে বিষ মেশানোর মতো ষড়যন্ত্রও করা হয়েছিল।
অনুষ্ঠানে বর্তমান সরকারের নারী উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার যে সরকারি পরিকল্পনা রয়েছে, তার ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে।
নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মহিলা দলের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























