| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
  • নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় জড়িত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

    আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এ প্রতিক্রিয়া জানান

    বিবৃতিতে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই বর্বর ও কাপুরুষোচিত হামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।

    সরকারের দায়িত্ব নিয়ে জামায়াত আমির উল্লেখ করেন, “অবশ্যই এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এমন পরিস্থিতিতে সরকারের নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।”

    এর আগে বুধবার মাঝরাতে (রাত আনুমানিক ১২টার পর) নুসরাত তাবাসসুম সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি জানিয়ে লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে, তবে কারা এটি করেছে তা জানা নেই।”

    ভয় দেখিয়ে বা কণ্ঠরোধ করে তাকে থামানো যাবে না উল্লেখ করে তিনি লেখেন, “আগুনের পথ পাড়ি দিয়েই নিজের কাজ করে যাব।”

    তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল, সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।

    এদিকে, রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

    এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

    আরও পড়ুন