জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে সম্মেলনস্থলে পৌঁছান তিনি। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করে জানান, জলবায়ু সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড লিডার সামিট’ এবং ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।
সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকেও ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়াও রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেওয়া নৈশভোজে যোগ দেওয়ার শিডিউল রয়েছে তাঁর।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে ন্যায্য হিস্যা আদায় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিশ্বমঞ্চে বাংলাদেশের কার্যকর অবস্থান তুলে ধরাই প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য।



























