পৌরসভাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা এবং সাধারণ নাগরিক সেবা প্রদানে কোনো প্রকার অনিয়ম বা ব্যঘাত ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বরখাস্তসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নাগরিকসেবা নিশ্চিত করতে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক কর্মশালায় উপস্থিত হয়ে তিনি এই কড়া বার্তা দেন।
প্রতিমন্ত্রী বলেন, নগর ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য আধুনিক ল্যান্ডফিল না থাকায় উন্মুক্ত স্থানে ময়লা ফেলা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করার পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে পৌরসভার একাধিক প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, সরকার জনগণের সুফলের জন্য অর্থ ব্যয় করে এসব আয়োজন করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ধরনের উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের সেবায় যারা গাফিলতি করবেন, তাদের পদে থাকার কোনো অধিকার নেই।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে পৌরসভার মাস্টারপ্ল্যান তৈরিতে যে অনিয়ম হয়েছে, তা দূর করে জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে দ্রুত আধুনিক নাগরিক সেবার আওতায় আনা হবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
























