| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে
  • প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

    সরকার বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে, সেটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাঁকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্দিষ্ট চুক্তি বা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে।

    তাঁকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একাধিকবার তাঁকে ফেরত চেয়েছে। ফলে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত সরকারের আপত্তির কোনো কারণ থাকার কথা নয়।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

    শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সুতরাং এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’

    জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাঁর অপরাধের ধরন বুঝতে হবে। সাধারণ হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ এক বিষয় নয়। তিনি বলেন, ‘একশো খুন, পাঁচশো খুন এক জিনিস। আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।’

    সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। এ ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে সব মৌলিক অধিকার কার্যকর থাকবে না।

    তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মনে করেন, কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে। ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান।’

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে ওই চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে সরকার।

    তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, সেটি ভারত সরকারও স্বীকার করেছে। তিনি ভারতে যাওয়ার পর দেশটির পার্লামেন্টেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় রয়েছে। তাঁকে ফেরত চেয়ে সরকার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে একাধিকবার যোগাযোগ করেছে। এখন প্রত্যর্পণের পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

    তবে শুধু শেখ হাসিনাকে ফিরিয়ে আনাই নয়, তাকে ফেরানোর ক্ষেত্রে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

    জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশের কাছে এটা ম্যাটার করে। কারণ, আমাদের একজন মারাত্মক অপরাধী, কনভিক্টেড আসামি, তিনি জেলে আছেন, জেলে যাওয়ার কথা, তারপর তো বিচার হওয়ার কথা। তিনি পালিয়ে আছেন। সুতরাং তাঁকে আমরা যে প্রক্রিয়ায় পাওয়ার কথা, আমরা সেই প্রক্রিয়াটাই পেতে চাই।’

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা নিজে এখনো পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই বিষয়টি জানিয়েছেন।

    উপদেষ্টা বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে সেটি শেখ হাসিনার নিজের আবেদন নয়।

    তিনি বলেন, ‘একটা চিঠি পেয়েছেন ফ্রম এ ল ফার্ম, যারা বলছেন তাকে এটা দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি। অ্যাপ্লিকেশন করার ব্যাপারে অবস্থান আমাদের সরকার থেকে অলরেডি জানানো হয়েছে। কিন্তু তিনি এখনো অ্যাপ্লিকেশনই করেননি।’

    এ কারণে পাসপোর্ট নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

    কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তাই প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই।

    শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না, এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, তারা চেষ্টা করতে পারেন। তবে সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

    শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, তাকে কীভাবে ফিরিয়ে আনা হবে, সেই প্রক্রিয়াটিও সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ।

    ব্রিফিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য সমসাময়িক বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা।

    আরও পড়ুন