| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • ‘পরিণত’ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে মুগ্ধ সিমন্স
  • ‘পরিণত’ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে মুগ্ধ সিমন্স

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

    ঢাকা টেস্টে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তাওহীদ হৃদয়। কয়েকটি বাজে শট খেলে আউট হওয়ায় সমালোচনাও কম হয়নি। মুমিনুল হক ফিট থাকলে সিলেট টেস্টে হয়তো একাদশেই জায়গা হতো না তার।

    কিন্তু সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে খেলেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তার এমন ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

    সিলেট টেস্টে মাত্র ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন একপ্রান্ত আগলে দলের হাল ধরেন তাওহীদ। শেষ পর্যন্ত তার ২৪২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং, শট নির্বাচনের দক্ষতা এবং শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা; সবকিছুতেই হৃদয়ের পরিণতিবোধের ছাপ দেখেছেন সিমন্স।

    দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের ইনিংসের প্রশংসা করে বাংলাদেশ  প্রধান কোচ বলেন, ‘এটা অসাধারণ একটি ইনিংস ছিল। শেষ পর্যন্ত অবিশ্বাস্য ইনিংস। এমনকি ফিল্ডাররা বাউন্ডারিতে থাকলেও সে বাউন্ডারি খুঁজে বের করতে পেরেছে, ছক্কাও মেরেছে। ডাবল সেঞ্চুরির কাছাকাছি যাওয়ার সময় তাকে ক্লান্ত দেখাচ্ছিল। তবুও সে নিজের কাজটা করে গেছে। সব দিক থেকেই এটা ছিল অসাধারণ প্রচেষ্টা। খেলা বোঝা, কোন শট খেলতে হবে তা জানা, কখন শেষ তিন ব্যাটারকে স্ট্রাইক দিতে হবে; সবকিছুই সে দারুণভাবে করেছে।’

    ঢাকা টেস্টে তাওহীদের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। বাজে শট খেলে আউট হওয়ায় তার টেস্ট দলে জায়গা পাওয়া নিয়েও আলোচনা ছিল। তবে সিমন্স মনে করেন, তরুণ এই ব্যাটারকে এত দ্রুত বিচার করা ঠিক হবে না। বরং সময়ের সঙ্গ তার পরিণত হয়ে ওঠার বিষয়টিই বড় করে দেখছেন কোচ।

    এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সে পুরো সময়ই ভালো ব্যাটিং করে আসছে। হ্যাঁ, ঢাকায় সে কয়েকটি বাজে শট খেলেছিল। কিন্তু সেটা নিয়ে তাকে বিচার করা ঠিক হবে না। ওটা ছিল তার দ্বিতীয় টেস্ট ম্যাচের মতো কিছু একটা। আমার মনে হয়, সে দ্রুত পরিণত হচ্ছে এবং আজ আমরা সেটার প্রমাণ দেখেছি।’

    তাওহীদের সঙ্গে আলাদা করে কোনো কথা বলেছিলেন কি না, এমন প্রশ্নে সিমন্স জানান, ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলেননি। সব ব্যাটারের সঙ্গে পরিস্থিতি বুঝে খেলা এবং চাপ সামলে বেরিয়ে আসার বিষয়ে সাধারণ আলোচনা করেছিলেন। মাঠে নেমে কীভাবে ব্যাটিং করতে হবে, সেই সিদ্ধান্ত খেলোয়াড়দের নিজেদেরই নিতে হবে বলে মনে করেন তিনি।

    কোচের মতে, ‘তারা যখন মাঠে যায়, তখন তারাই দায়িত্বে থাকে। আমরা তাদের মাথায় এই বিষয়টিই ঢোকানোর চেষ্টা করি। হৃদয় যা করেছে, সবই তার নিজের চিন্তা থেকে করেছে।’

    আরও পড়ুন