এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি (সম্পূরক/মান উন্নয়ন) পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই সিদ্ধান্ত অমান্য করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে আন্তঃশিক্ষা বোর্ড সাধারণ শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সরকার ও শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে উন্নয়ন ফি, কোচিং ফি কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত অর্থ দাবি করা সম্পূর্ণ বেআইনি। শিক্ষা বোর্ড নির্দেশিত বোর্ড ফি এবং কেন্দ্র ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা কোনো পরীক্ষার্থীর কাছ থেকে আদায় করা যাবে না।
বোর্ডের পক্ষ থেকে দেশের সকল এইচএসসি ও সমমানের পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালার বাইরে অতিরিক্ত ফি আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাথে সাথেই তাদের পাঠদানের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
























