বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমে আসা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের বাজার। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতু।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার দাম কমে ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।
স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, তেলের দাম কমা ও কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
খাত সংশ্লিষ্টরা জানান, গত সপ্তাহে মার্কিন বাজারে স্বর্ণের দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরবর্তীতে বিনিয়োগকারীদের কম দামে সোনা কেনার প্রবণতা এবং অপরিশোধিত তেলের দাম কিছুটা কমার ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে প্রায় ৪,০২০ মার্কিন ডলারে অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, সুদের হার অপরিবর্তিত থাকলে সোনার বাজারে প্রভাব পড়তে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য ও মধ্যবর্তী নির্বাচনও সোনার দামের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
বর্তমানে বিনিয়োগকারীদের মূল নজর রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। বিশ্লেষকদের মতে, ফেডের নীতিগত সিদ্ধান্ত এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামীতে স্বর্ণের বাজারের গতিপ্রকৃতি নির্ধারিত হবে।


























