হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালতের আদেশ:
ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন।
আইনজীবীদের যুক্তি:
আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আব্দুর রাজ্জাক। তারা বলেন, রাজনৈতিক কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না এবং মামলায় যে ধারাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অধিকাংশ বা একটি ছাড়া বাকিগুলো জামিনযোগ্য। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে।
হাইকোর্টে যাওয়ার ঘোষণা:
জামিন নামঞ্জুর হওয়ায় খুব শীঘ্রই উচ্চ আদালতে (হাইকোর্ট) জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গ্রেপ্তার ও মামলার পটভূমি:
গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে।
এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
ওই মামলার পর গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
একদিনের রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।
























