| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশি-আমেরিকানের নেতৃত্বাধীন স্টার্ট-আপ ২৩০ কোটি ডলারে কিনছে উবার
  • বাংলাদেশি-আমেরিকানের নেতৃত্বাধীন স্টার্ট-আপ ২৩০ কোটি ডলারে কিনছে উবার

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ণ

    বৈশ্বিক রাইড শেয়ারিং ও ডেলিভারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার টেকনোলজিস মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাটারিং এবং কর্মক্ষেত্রের খাবার সরবরাহের অনলাইন প্ল্যাটফর্ম ‘ইজিকেটার’ (ezCater) কিনে নেয়ার চুক্তি সম্পন্ন করেছে। নগদ ২৩০ কোটি ডলারের (প্রায় ২৭,৬০০ কোটি টাকা) অল-ক্যাশ চুক্তিতে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করছে উবার। যুক্তরাষ্ট্রভিত্তিক এই জনপ্রিয় প্ল্যাটফর্মটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি-আমেরিকান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিহাৎ রহমান।

    ইজিকেটার যুক্তরাষ্ট্রের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও কার্যালয়ে খাবার সরবরাহের কাজ করে থাকে। যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁর সঙ্গে সংযোগ রয়েছে এই প্ল্যাটফর্মটির। এই অধিগ্রহণের ফলে উবারের ফুড ডেলিভারি সেবা ‘উবার ইটস’ (Uber Eats) এবং ‘উবার ফর বিজনেস’ (Uber for Business)-এর করপোরেট ক্যাটারিং ব্যবসার পরিধি বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

    উবারের আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো এর ডেলিভারি বিভাগ। সাম্প্রতিক প্রান্তিকে উবারের মোট রাজস্বের প্রায় ৩৭ শতাংশ এসেছিল এই ডেলিভারি খাত থেকে। নতুন এই অধিগ্রহণের মাধ্যমে করপোরেট খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে প্রতিষ্ঠানটি।

    নিয়ন্ত্রক সংস্থার (Regulatory Approval) চূড়ান্ত অনুমোদন এবং আনুষঙ্গিক প্রক্রিয়াসমূহ সম্পন্ন হওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে জানা গেছে। তবে চুক্তি সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত ‘ইজিকেটার’ এবং ‘উবার’ দুটি পৃথক প্রতিষ্ঠান হিসেবেই নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে।

    আরও পড়ুন