কুমিল্লার দেবীদ্বারে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত যুবক ইমনকে (২৪) ঘরে তালাবদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নিহত শিশুটির মা-ও।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত ইমনের বাবার নাম মৃত ফরিদ মিয়া। নিহতরা হলেন— ইমনের মা পেয়ারা বেগম এবং ইমনের ভাইয়ের ৮ মাস বয়সী কন্যাসন্তান।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করেই ইমন তার নিজ বাড়িতে মা পেয়ারা বেগম ও আট মাসের ভাতিজির ওপর হামলা চালায়। সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় শিশুটির মা এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
ঘটনাস্থলেই ইমনের মা ও ভাতিজির মৃত্যু হয়। ঘটনার আকস্মিকতায় প্রতিবেশীরা ছুটে এসে ইমনকে ঘরে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং পুলিশে খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি বিস্তারিত তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।” বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও শোকের মাতম বিরাজ করছে। আহত শিশুটির মাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
























