| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • বাবার শূন্যতায় বিষাদে আচ্ছন্ন মেসির পরিবার
  • বাবার শূন্যতায় বিষাদে আচ্ছন্ন মেসির পরিবার

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
    , , , , , dinajpurNews, dinajpurTV, dinajpurtv.com

    আকাশী-সাদা জার্সিতে লিওনেল মেসি আর মাঠে নামবেন না এই খবরে যখন বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখে জল, তখন খোদ মেসির পরিবারে বইছে শোকের এক ভারী সুনামি। মাত্র ৩০ দিনের ব্যবধানে পরিবারের প্রধান স্তম্ভ বাবা হোর্হে মেসির চিরবিদায় এবং এরপরই ছেলের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত সব মিলিয়ে এক গভীর শূন্যতা আর বিষাদে আচ্ছন্ন মেসির ঘর।

    ‘আমেরিকা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মা সেলিয়া কুচিত্তিনির কণ্ঠে ঝরে পড়েছে সেই অব্যক্ত যাতনা। স্বামী হারানোর দগদগে ক্ষতের মাঝেই ছেলের এমন বড় সিদ্ধান্তে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত তিনি।

    কান্নাজড়িত কণ্ঠে সেলিয়া বলেন, ‘আমি এখনও কাঁদছি। যদিও এমন একটা সিদ্ধান্তের কথা আমরা আগে থেকেই জানতাম, তবুও পুরো পরিবার আজ ভেঙে পড়েছে।

    ওর বাবা সবসময় বলত, ‘ও যখন আর খেলবে না, তখন আমি কী নিয়ে থাকব?’ আসলে দুটো বড় ঘটনা এত দ্রুত আর একসাথেই ঘটে গেল, যা বিশ্বাস করা আমাদের জন্য খুব কঠিন।’
    মেসির কাছে ফুটবল কখনোই কেবল একটি খেলা ছিল না, বরং তা ছিল পরিবারের সাথে উদযাপনের সবচেয়ে বড় উপলক্ষ।

    ক্যারিয়ারের যেকোনো বড় সিদ্ধান্ত তিনি বরাবরই ডাইনিং টেবিলে পরিবারের সদস্যদের নিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এই কঠিন সিদ্ধান্তটিও ব্যতিক্রম ছিল না। কাতার বিশ্বকাপ জয়ের পরই পরিবারের সবাইকে নিয়ে বসে অবসরের রূপরেখা চূড়ান্ত করেছিলেন তিনি।

    ভক্তদের উদ্দেশ্যে লেখা আবেগময় খোলা চিঠিটাও আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন মেসি। কিন্তু যেই বাবার হাত ধরে তার ফুটবলে হাতেখড়ি, প্রতিটি পদক্ষেপে যিনি ছিলেন সবচেয়ে বড় ছায়াসঙ্গী, তার আকস্মিক প্রয়াণ সবকিছু এলোমেলো করে দেয়। বাবার শূন্যতা বুকে নিয়ে আর মাঠে নামার প্রেরণা পাননি তিনি। বাবার মৃত্যুর শোকই তাকে বাধ্য করেছে পূর্বনির্ধারিত সময়ের আগেই অবসরের সেই খোলা চিঠিটা প্রকাশ করতে।

    ২০৭ ম্যাচ, ১২৫ গোল আর ৬৮টি অ্যাসিস্টের এক বর্ণিল অধ্যায় শেষে মেসি এখন কেবলই একজন শোকাহত সন্তান। শোকের সাগরে ভাসতে থাকা মা সেলিয়া তাই এতসব বেদনার মাঝেও কেবল একটি জায়গায় সান্ত্বনা খুঁজছেন। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘সবকিছুর পর সবচেয়ে বড় কথা হলো, ও এখন শান্তিতে আছে, ও সুখী।’

    মাঠের মেসিকে বিশ্ববাসী মনে রাখবে তার জাদুকরী ফুটবল শৈলীর জন্য, কিন্তু মেসির পরিবারের কাছে এই বিদায়বেলা চিরকাল খোদাই হয়ে থাকবে এক বেদনাবিধুর স্মৃতির নাম হয়ে।

    আরও পড়ুন