| |
  • প্রচ্ছদ
  • গণমাধ্যমের খবর
  • বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী
  • বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

    বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী অন্যান্য সকল পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    মুহাম্মদ কাদের গনি চৌধুরী দেশের সাংবাদিকতা অঙ্গনে এক সুপরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যম আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএস) যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

    ১৯৯৩ সালে ‘দৈনিক দিনকাল’ পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য। এছাড়া পূর্বে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

    ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক এবং তাঁর স্থায়ী নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

    আরও পড়ুন