বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে কাজ এগিয়ে যাবে।
তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করতে তিনি আগ্রহী। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বার্তায় জারদারি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
























