নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের জন্য আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ এবং যেকোনো প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।






























