ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের ভূমিকা দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী। পোস্টার ও ব্যানারের অবৈধ ব্যবহারসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে কিছু কমিশনারের বক্তব্যকে ‘দলকানার পরিচয়’ আখ্যা দিয়ে কমিশনকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলাম। আজ আমাদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরণ করতে যাচ্ছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন ঘিরে একাধিক উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি।
মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী ভাষ্য, তাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে। যেমন- জাতীয় পার্টি সারা দেশে প্রার্থী দিচ্ছে, যা তাদের উদ্বিগ্ন করছে। পাশাপাশি তারা এখনও ব্রিটিশ কলোনিয়াল আমলের মতো আমলাতান্ত্রিক জটিলতা দেখছেন। গত ১৫ বছরে ‘ডিজিটাল বাংলাদেশ’ বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন তারা দেখেননি।
তিনি বলেন, ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের হাত ধরে আমলাতান্ত্রিক জটিলতামুক্ত একটি প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে ওঠা উচিত।
নির্বাচনী নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই প্রার্থী।
তিনি বলেন, ঢাকা-৮ এলাকায় আমরা একটি নীতিনির্ভর ও সুষ্ঠু নির্বাচন আশা করি। এখানে পেশিশক্তি কিংবা মাফিয়াতন্ত্রের মহড়া হবে না এটাই আমাদের প্রত্যাশা। তবে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কর্মীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রশাসন যদি আরও সক্রিয় ভূমিকা পালন করে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।
প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা লক্ষ্য করা গেছে। তবে দেশের বিভিন্ন স্থানে ঋণখেলাপিসহ নানা আপত্তির বিষয় এখনও নিষ্পত্তি হয়নি বলে তিনি দাবি করেন। বিএনপির পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হলেও ঢাকা-৮ আসনে এখন পর্যন্ত তেমন কোনো আপত্তির মুখে পড়তে হয়নি বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট থাকা সত্ত্বেও কিছু আসনে একাধিক প্রার্থী থাকার বিষয়ে প্রশ্ন উঠলে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এসব বিষয়ে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, তিনি একাধিকবার এমপি হয়েছেন ঠিকই, তবে তার জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি। ইনশাআল্লাহ, এবার শাপলা প্রতীকই বিজয়ী হবে।
সারা দেশে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, আমরা মোট ৪৭টি আসনে মনোনয়ন দিয়েছিলাম। একটি মনোনয়ন দেরিতে জমা দেওয়ায় গ্রহণ হয়নি। বাকিগুলো গ্রহণ হয়েছে। আমরা সংখ্যা বাড়ানোর জন্য প্রার্থী দিইনি। যেসব আসনে জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে, সেগুলোতেই মনোনয়ন দিয়েছি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আরও কঠোর ভাষায় সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে না। এক সপ্তাহ ধরে পোস্টার ও ব্যানারের মহড়া চলছে, কিন্তু কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। বরং একজন কমিশনার আগ বাড়িয়ে বলেছেন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না, এ ধরনের বক্তব্য লজ্জাজনক।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চাপ বা দায়িত্ব পালনে অপারগতা থাকলে কমিশনের উচিত জনগণের সামনে এসে তা স্পষ্ট করা।
































