পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি বা ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম)-এর সপ্তম চালান।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির এই চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
রাশিয়া থেকে আনা এই ইউরেনিয়াম ঢাকা থেকে সড়কপথে যমুনা সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার দাশুড়িয়া হয়ে রূপপুরে পৌঁছায়। জ্বালানি বহনকারী গাড়িবহর নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চালানটি পৌঁছানোর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।।
























