দেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। এ ছাড়া ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়েও পৃথক কর্মসূচি পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর—এই দুটি বিষয় বিবেচনায় নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক সংকট নিরসনে জনমত গড়ে তোলাও এর লক্ষ্য।
তিনি অভিযোগ করেন, গণভোটের গণরায় কার্যকর না করে সরকার বিরোধী দলকে পাশ কাটিয়ে একতরফাভাবে এগিয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদে এ সংকটের সমাধান হচ্ছে না, রাজপথের আন্দোলনও অব্যাহত রয়েছে। সরকার দ্রুত অবস্থান পরিবর্তন না করলে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে।
জামায়াতের এই নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্যের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশপ্রেমিক, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর দুপুর ১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকায় মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন করবে দলটি।
২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশে আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা করবে দলটি।
৯ ডিসেম্বর দুর্নীতিবিরোধী কর্মসূচি, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আইনজীবীদের উদ্যোগে কর্মসূচি এবং ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৪ ও ১৫ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা করবে জামায়াত। ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।
এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের এবং ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ও যুদ্ধাহত বীর এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার বিষয়ে প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলন করবে জামায়াত। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়। জনগণই হবে এ আন্দোলনের প্রধান শক্তি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে তিনি জানান, জামায়াতের কর্মসূচি দলীয়ভাবে পালন করা হবে। ১১ দলীয় জোটের বৈঠক হলেও বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিষয়গুলো আগে বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
























