| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • রোহিঙ্গাদের জন্মহার কমাতে চেয়েছিল মিয়ানমার: আইসিজে
  • রোহিঙ্গাদের জন্মহার কমাতে চেয়েছিল মিয়ানমার: আইসিজে

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

    রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যেই মিয়ানমার সরকার বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত মনে করছে, এসব পদক্ষেপ ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত জবরদস্তিমূলক নিপীড়নের অংশ।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।

    রায় পাঠকালে বিচারক বলেন, মিয়ানমার সরকার এমন একটি আঞ্চলিক আদেশ জারি করেছিল, যার আওতায় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর বিয়ের ক্ষেত্রে বিশেষ অনুমতির বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমাবদ্ধ করা হয়েছিল।

    বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব নীতি পুরোপুরি সফল না হলেও এর মূল উদ্দেশ্য ছিল ওই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দেওয়া। মিয়ানমারও এ উদ্দেশ্যের কথা স্বীকার করেছে বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

    আদালত মনে করে, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি জবরদস্তিমূলক পদক্ষেপ। অন্ততপক্ষে নিধন অভিযান চলাকালে এই জনগোষ্ঠীর জন্মহার কমানোই ছিল এর উদ্দেশ্য। অন্যান্য নিপীড়নমূলক পদক্ষেপের পাশাপাশি এসব নীতি রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধের রাষ্ট্রীয় অভিপ্রায়েরও ইঙ্গিত দেয়।

    রায় পাঠকালে বিচারক আরও বলেন, মিয়ানমারের সামরিক অভিযানে যৌন সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। রোহিঙ্গাদের সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করাই ছিল এর উদ্দেশ্য।

    ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।

    রোহিঙ্গাদের ওপর চালানো এসব নৃশংসতাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এ মামলায় ১৯৪৮ সালের আন্তর্জাতিক গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

    এর আগে ২০২০ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার আলামত সংরক্ষণে মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হয়।

    সূত্র: ঢাকা পোস্ট, রয়টার্স, এপি।

    আরও পড়ুন