| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নিষিদ্ধ আ.লীগের অরাজকতা ঠেকাতে রাজপথে বিএনপি
  • নিষিদ্ধ আ.লীগের অরাজকতা ঠেকাতে রাজপথে বিএনপি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

    কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ও সাম্প্রতিক অগ্নিসংযোগ-নাশকতার অপচেষ্টা ঘিরে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দলটির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, ধোলাইপাড়, শ্যামপুর, জুরাইন ও পল্টন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।

    অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

    ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সতর্ক পাহারায় রয়েছেন। বিশেষ করে রাজধানীর সেগুনবাগিচা, কাকরাইল ও খিলগাঁওসহ বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

    জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় তারা সজাগ রয়েছেন। কোনো অপশক্তিকে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।

    বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকারের। তাই দলের নেতাকর্মীরা কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না; বরং যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

    এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “পরাজিত শক্তির মাঠে কোনো কার্যক্রম চালানোর বা রাজনীতি করার নৈতিক অধিকার নেই। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি মাঠে থেকে এসব অরাজকতা কঠোর হাতে ঠেকাতে সর্বাত্মক সহযোগিতা করবে।”

    নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা পাহারা দিচ্ছেন।

    আগের রাতেও সারারাত পাহারায় ছিলেন। বৃহস্পতিবারও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    তিনি জানান, বর্তমানে জুরাইনের জিরো পয়েন্ট এবং লাল মিয়া সরকার রোডের মাথায় হামিদা পেট্রোল পাম্পের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন।

    ছাত্রদল নেতা কামরুল হাসান নাফিজ বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশনায় এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো ধরনের মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা রয়েছে।

    এদিকে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতা ঘিরেও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। দলীয় সূত্র মতে, সম্প্রতি শীর্ষ নেতাদের এক বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্য এবং অঙ্গ-সংগঠনগুলোকে রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ধারাবাহিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মাঠে রাখার পরিকল্পনা নিয়েছে দলটি।

    অন্যদিকে, ঢাকাসহ খুলনা ও বিভিন্ন জেলায় স্থানীয় বিএনপি ও যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না এবং যেকোনো অপতৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

    রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন সড়কে মোটরসাইকেলে টহল দিতেও দেখা গেছে তাদের। রাজধানীর সড়কগুলোতে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পল্টন, যাত্রাবাড়ী ও সায়েদাবাদের কয়েকটি স্থানে যানজট দেখা গেছে।

    আরও পড়ুন