উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে (ফুল ফান্ডেড) স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) ‘রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশসহ এশীয় অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের আগস্ট সেশনের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
আবেদনের শেষ সময়: ১ মার্চ, ২০২৭
যেসব সুযোগ-সুবিধা মিলবে
রয়েল থাই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় থাইল্যান্ড সরকার বহন করবে। এর মধ্যে রয়েছে—
শতভাগ টিউশন ফি মওকুফ।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে বিনামূল্যে আবাসন সুবিধা।
জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা (বার্সারি)।
সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি প্রদান। আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর প্রোগ্রাম: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফলাফলে সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রাম: চার বছর মেয়াদি স্নাতক এবং দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকা আবশ্যক।
ভাষাগত দক্ষতা: ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস (IELTS) পরীক্ষায় ওভারঅল ও রাইটিং ব্যান্ড স্কোর কমপক্ষে ৬.০ হতে হবে (অথবা এআইটি ল্যাঙ্গুয়েজ সেন্টারের নির্ধারিত ইংরেজি পরীক্ষায় ন্যূনতম ৬.০ স্কোর থাকতে হবে)।
প্রয়োজনীয় কাগজপত্র
হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
বৈধ পাসপোর্টের কপি।
সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
দুটি সুপারিশপত্র (রেফারেন্স লেটার)।
ইংরেজি ভাষা দক্ষতার সনদ।
গবেষণার প্রস্তাবনা বা রিসার্চ প্রপোজাল (বিশেষত পিএইচডি আবেদনের ক্ষেত্রে)।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমাআগ্রহী প্রার্থীদের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে। এই স্কলারশিপের জন্য আলাদা কোনো ফরম পূরণের প্রয়োজন নেই; ভর্তির আবেদনের সময় ‘স্টেটমেন্ট অব পারপাস’ (এসওপি)-এ রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের প্রতি আগ্রহের বিষয়টি উল্লেখ করতে হবে।
আগামী ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য ও বিভাগভিত্তিক শর্তাবলি জানতে এআইটির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
























