যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০২৬ অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।
আইসিইর ২৩ বছরের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি মানুষকে বহিষ্কারের ঘটনা এটিই প্রথম। এর আগে ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বহিষ্কারের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে বলে স্বীকার করার কয়েক দিন পর এসব পরিসংখ্যান প্রকাশ করা হলো।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেন, ২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তারের দিক থেকেও গত সেপ্টেম্বর ছিল সংস্থাটির ইতিহাসে রেকর্ডসংখ্যক অভিযান পরিচালনার মাস।
আইসিইর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের মাস আগস্টে গ্রেপ্তার হয়েছিলেন ৫০ হাজার ৯২৫ জন।
পরিসংখ্যান নিয়ে প্রশ্ন
ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা আলজাজিরাকে বলেন, অতীতের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে বেশি কঠোর হয়েছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে কিছু অস্পষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, গ্রেপ্তার ও বহিষ্কারের তথ্যের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিযান চালিয়ে আটক হয়েছেন এবং কতজনকে সীমান্ত বা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
অভিবাসন নীতি নিয়ে সমালোচনা
সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি অনেকের কাছে অতিরিক্ত কঠোর মনে হতে পারে। তবে তিনি অভিযানকে সফল দাবি করে বলেন, অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রশাসনের সাফল্য উল্লেখযোগ্য।
অন্যদিকে, রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। দায়িত্ব গ্রহণের শুরুর দিকে এ হার ছিল ৫০ শতাংশ।
আইসিইর বিরুদ্ধে কঠোর অবস্থানে ডেমোক্র্যাটরা
আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান সীমিত করতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ডেমোক্রেটিক পার্টি। এ লক্ষ্যে আইসিইর কার্যক্রমে নজরদারি বাড়ানো এবং অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সম্প্রসারণের কথা ভাবছে দলটি।
ডেমোক্র্যাট নেতা বেনি থম্পসন জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অভিবাসন নীতি নিয়ে তদন্ত করা হবে।
এদিকে, মিনেসোটার নবনির্বাচিত সিনেটর পেগি ফ্লানাগান আইসিইকে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
গত জানুয়ারিতে মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান চলাকালে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি ও রেনে নিকোল গুড নিহত হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
























