| |
শিরোনাম
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে ইইউর কোনো মন্তব্য নেই : রাষ্ট্রদূত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে যোগদানের প্রায় ২ মাসেও বেতন পাননি প্রাথমিকের নতুন শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
  • পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হোক না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

    শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

    বৃহস্পতিবার বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শন করে। এ দলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীসহ বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা ছিল। এ সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

    সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এ পরিদর্শনের আয়োজন করা হয়। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এতে অংশ নেন।

    শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা এত দূর থেকে বঙ্গভবনে এসেছো, তোমরা বঙ্গভবন সম্পর্কে জানতে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।’

    রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

    বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়েও জানতে চান রাষ্ট্রপতি। তারা বঙ্গভবনের তোষাখানা, চিড়িয়াখানাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছে কি না, তা জানতে চান তিনি। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে উল্লেখ করে এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নেওয়ার ওপর গুরুত্ব দেন।

    পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

    এ সময় রাষ্ট্রপতি রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’

    পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।

    এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন