| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী
  • যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

    শিক্ষা শুধু সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং যে শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, বিবেক ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়, সেটাই প্রকৃত শিক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।

    বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা মানুষকে সার্টিফিকেট দিতে পারে। একজন মানুষ পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের সমন্বয় না ঘটলে সেই শিক্ষা জ্ঞানে পরিণত হয় না। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় ঘটলেই প্রকৃত জ্ঞান অর্জিত হয়।

    তিনি বলেন, শিক্ষার অন্যতম বড় অবদান হচ্ছে মানুষের দৃষ্টিকে প্রসারিত করা।
    শিক্ষা মানুষের মধ্যে এমন এক ধরনের অন্তর্দৃষ্টি বা দূরদৃষ্টি তৈরি করে, যার মাধ্যমে সে অনেক দূরের বিষয় দেখতে ও বুঝতে পারে। সাধারণ মানুষ যা দেখতে পারে না, প্রকৃত শিক্ষা মানুষকে তা দেখার ক্ষমতা দেয়।

    রিজভী বলেন, শুধু মুখস্থ করে পরীক্ষায় পাস করা, ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট অর্জন করাই শিক্ষার পূর্ণতা নয়। চাকরি পাওয়া এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তবে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি বিবেক, মনুষ্যত্ব, যুক্তি ও প্রশ্ন করার সক্ষমতা থাকতে হবে। এসবের সমন্বয়েই প্রকৃত শিক্ষা অর্জিত হয়।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যে শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দ তৈরি করতে পারে না, সেই শিক্ষার পূর্ণতা আসে না। প্রকৃত শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর হৃদয়ে এবং ঘরে ঘরে আনন্দের প্রদীপ জ্বালায়। তাই শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আনন্দ ও আগ্রহ অনুভব করে।

    নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তাদের সময় দুজন শিক্ষক ছিলেন, যাদের একজন ইন্টারমিডিয়েটে নাটক এবং অন্যজন উপন্যাস পড়াতেন। বিশেষ করে শ্রীকান্ত উপন্যাসের শিক্ষক অসাধারণ বাগ্মিতার মাধ্যমে প্রতিটি বিষয় এমনভাবে ব্যাখ্যা করতেন যে শিক্ষার্থীরা তার ক্লাস কখনো ফাঁকি দিত না। অনেক বছর পেরিয়ে গেলেও সেই শিক্ষকের পড়ানোর ধরন ও উপন্যাসের সংলাপ এখনো মনে আছে।

    তিনি বলেন, শিক্ষকের আনন্দময় ও সুন্দর পাঠদানের কারণে অনেক কথা আজও কানে বাজে। যে শিক্ষা মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেটাই প্রকৃত শিক্ষা।

    শিক্ষার্থীদের মধ্যে ইগো ও সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদাবোধ থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিজভী বলেন, ভালো ফলাফল করা এবং নিজেকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতামূলক মনোভাব থাকা প্রয়োজন। তবে লক্ষ্য অর্জনের পর ইগো কমিয়ে আত্মমর্যাদাবোধের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এই দুটি বিষয়ই থাকতে হবে, তবে জীবনের ধারাবাহিক অগ্রযাত্রায় আত্মমর্যাদাবোধকে গুরুত্ব দিতে হবে।

    বিখ্যাত মরমি সাধক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে ডানা রয়েছে, কিন্তু সেই ডানা সবাই দেখতে পায় না। নানা ধরনের প্রশিক্ষণ, শিক্ষা এবং শিক্ষার অনুশীলনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী নিজের ডানা প্রসারিত করতে পারে। তখনই সে বুঝতে পারে কীভাবে নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হয়।

    অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন