| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • পাহাড়ে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬
  • স্বরাষ্ট্রমন্ত্রী

    পাহাড়ে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

    পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে আহত হয়েছেন ৪৯০ জন।

    বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।

    তিনি জানান, একই সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলো ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠী এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

    তিনি আরও বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

    সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এসব অভিযানে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধেও বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে।

    তিনি বলেন, ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    আরও পড়ুন